দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে টেলিগ্রামে বাণিজ্যিকভাবে বিক্রয় ও ব্ল্যাকমেল চক্রের মূল হোতাসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। ২৬ এপ্রিল দিবাগত রাতে ভোলা জেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় দেড় লাখ নগ্ন ও স্পর্শকাতর ছবি-ভিডিও এবং কয়েক শ প্রিমিয়াম চ্যানেলের সন্ধান পাওয়া গেছে। প্রথম আলোতে গত ২৬ মার্চ প্রকাশিত ‘টেলিগ্রাম অ্যাপের অন্ধকার ও সাইবার ব্ল্যাকমেল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতায় বিভিন্ন ব্লাকমেল চেইনের ওপর নজরদারি করে তাঁদের আটক করা হয়। এ বিষয়ে গত সোমবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী প্রেস ব্রিফিং করেন।
