কিশোরগঞ্জের ভৈরব কিংবা চট্টগ্রামের ফিশারিঘাট মাছের আড়ত। রাত ৩টা থেকে ৪টার দিকে যখন কর্মচাঞ্চল্য তুঙ্গে, তখন সেখানে ভিড়ের মধ্যে দেখা মিলত এক নারীর। কাদা-পানির মাখামাখি আর হাজারো পুরুষের ভিড়ে তিনি মাছ চিনছেন, শিখছেন মাছ সংরক্ষণের কায়দা। তিনি ফারজানা আকতার । একসময় করতেন টেলিভিশন সাংবাদিকতা, আর এখন তিনি সফল উদ্যোক্তা। তাঁর প্রতিষ্ঠান ‘রিভার ফিশ’ এখন অনেকের কাছেই আস্থার নাম। ফারজানা একা শুরু করেছিলেন ২০১৯ সালে, এখন তাঁর প্রতিষ্ঠানে ৭০ জনের কর্মসংস্থান হয়েছে। গত শুক্রবার রাজধানীর হাতিরঝিল সংলগ্ন এলাকায় রিভার ফিশের কার্যালয়ে কথা হয় ফারজানা আকতারের সঙ্গে।
